
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। সোমবার (৫ মে) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’, যা ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্বের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন ও প্রফেসর মো. মনিমুল হকসহ শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
সমাবেশে উপাচার্য বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা দেওয়া এবং ক্রীড়াঙ্গনে মেধাস্বত্বের যথাযথ ব্যবহারের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।
