
হাসানুজ্জামান, রাজশাহী: রাজশাহীতে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য ১১ দলজোটের সমাবেশকে কেন্দ্র করে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। সমাবেশ সফল করতে জোটের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানোর পাশাপাশি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, শিরোইল, তালাইমারী, কোর্ট এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
বিভিন্ন অলিগলি ও জনবহুল এলাকায় সমাবেশের প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন টানিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।জোটের নেতা মোবাশ্বের লাল্টু বলেন, সমাবেশকে সফল ও জনসমাগমমুখর করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রচারণা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সমাবেশের উদ্দেশ্য তুলে ধরতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে। বিভিন্ন ইউনিটের নেতারা কর্মীসভা, মতবিনিময় সভা ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়ে কর্মীদের সক্রিয় রাখছেন।১১ দলজোটের নেতা ড. কেরামত আলী বলেন, দেশের চলমান বিভিন্ন ইস্যু ও সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সমাবেশকে ঘিরে নগরীতে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
