
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচ পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নৌকার মাঝিও রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। এছাড়া নৌকার মাঝি তুহিন মালথাও গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মানিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নৌ পুলিশের একটি দল কুষ্টিয়ার হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য ও এক মাঝি আহত হন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
