
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত মিন্টুর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মণ্ডল জানান, পরিত্যক্ত হলেও পুকুরটির গভীরতা অনেক বেশি। ধারণা করা হচ্ছে, গোসল বা খেলাধুলার সময় পানিতে নেমে শিশু দুটি গভীর পানিতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।