
আশিকুর রহমান রাজশাহী:
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে উদ্যাপিত হতে পারে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
এই উৎসবের প্রধান অনুষঙ্গ পশু কোরবানি। কোরবানিকে ঘিরে পশুর চাহিদা মেটাতে রাজশাহীতে অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রাসিক সূত্রে জানা গেছে, কোরবানি উপলক্ষে নগরজুড়ে একাধিক অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য স্থানগুলো নির্ধারণ ও ইজারা কার্যক্রম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে হাটের চূড়ান্ত সংখ্যা ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে, রাজশাহীতে সিটি হাট, কাটাখালি ও বানেশ্বর,কাকনহাট, —এই চারটি স্থায়ী পশুর হাট রয়েছে, যেখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। কোরবানির সময় এসব স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাটগুলোও সরগরম হয়ে ওঠে।
ঈদের আগে পশুর হাটকে কেন্দ্র করে তৈরি হয় এক বিশেষ উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা গরু, ছাগল ও অন্যান্য গবাদিপশু নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে হাটগুলো। পশু কেনাবেচার পাশাপাশি দরদাম, পরিচিতদের সঙ্গে দেখা হওয়া—সব মিলিয়ে হাট হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।
রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত স্থানে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশ হলে হাটের সংখ্যা ও স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
