
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানা পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার ব্যবহৃত গাড়ির জন্য মোবিল নিতে পাম্পে গিয়ে স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পাম্পটির মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছেলে এবং গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ওই পুলিশ সদস্য প্রতিবাদ করেন। অভিযোগ রয়েছে, তখন আব্দুল্লাহ আল রায়হান তার ওপর চড়াও হয়ে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাশ কাউন্টারের পাশে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করা হয়। স্থানীয়দের দাবি, এর আগেও ওই ফিলিং স্টেশনে সাধারণ মানুষকে মারধরের ঘটনা ঘটেছে।
আহত কনস্টেবল শওকত আলীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “ঘটনার পর পাম্প ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
