
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা তেজগাঁওস্থ ভূমি অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মো. আব্দুল জলিল, আরডিও মো. সবুজ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ মো. পিয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, তথ্য সহায়তা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।