
নিজস্ব প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় দুর্ঘটনায় নিহত এক তরুণের লাশ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন- সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) নেজাম ইসলাম, কালীগঞ্জ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার রায় এবং কনস্টেবল আশরাফুল ইসলাম।আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই পুলিশ সদস্যকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মাড়াই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় গাড়িটি উল্টে গিয়ে তিনি নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
রাতে সিংড়া থানা পুলিশ একটি পিকআপ নিয়ে নিহতের বাড়িতে যায়। পুলিশ মরদেহ থানায় নিয়ে যেতে চাইলে স্বজনদের হাসপাতালের মৃত্যুসনদ নিয়ে থানায় যোগাযোগ করে দাফনের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানান এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের পিকআপের কাচ ভাঙচুর করা হয়। পরে সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ওসি আ ব ম আব্দুন নূর বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সময় কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
