
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় মুখোশধারী মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আজমত আলী ও সামায়ন কবির হেলাল।পুলিশের দাবি, সম্প্রতি অনুষ্ঠিত ওই মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। মিছিলের কারণে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজমত আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে প্রায় সাড়ে ৩টার দিকে পৃথক অভিযানে সামায়ন কবির হেলালকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।