

নকল রোধ ও শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার জোরদার—শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নকল প্রতিরোধে শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে।
শিক্ষামন্ত্রী বলেন, “এখন ঘরে বসেই পুরো পৃথিবী দেখা যায়, তাহলে পরীক্ষাকেন্দ্র বা ক্লাসরুম দেখা সম্ভব নয় কেন? এজন্যই আমরা সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, এই ব্যবস্থা শুধু পরীক্ষার জন্য নয়, শ্রেণিকক্ষের নিয়মিত কার্যক্রম মনিটরিংয়ের জন্যও ব্যবহার করা হবে। “শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা উপস্থিত থাকছে কিনা—সবকিছু পর্যবেক্ষণে রাখা হবে,” যোগ করেন তিনি।
নকল প্রতিরোধে তার আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমি বিদেশ থেকে শিক্ষক এনে নকল বন্ধ করিনি। দেশের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করলেই সম্ভব। সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষকরা সহযোগিতা করেন।”
ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে সিসি ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ বজায় রেখেই মনিটরিং করা হবে বলে আশ্বস্ত করেন।
শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, ধাপে ধাপে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। “প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ৫ শতাংশ বাজেট দেওয়ার কথা বলেছেন। তবে সেই অর্থ যথাযথভাবে ব্যয় করার সক্ষমতাও গড়ে তুলতে হবে,” বলেন তিনি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।
এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীদের সমস্যা-সংকটের কথা শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না হওয়া, আধুনিক যন্ত্রপাতির অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।