
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব। র্যাব-৫ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি।
উদ্ধারকৃত অস্ত্রগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসমূহ বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।