
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে পৃথক দুইটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুই মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মতিহার থানার খোঁজাপুর এলাকায় গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি হাসিবুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মতিহার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হাসিবুল ইসলাম জানিয়েছে, নিহত মোস্তফার দায়ের করা একটি মামলার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্যদিকে, গত ২ মে দামকুড়া থানা এলাকায় অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যা মামলারও রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মামুনুরকে হত্যা করা হয়েছিল।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “রাজশাহীকে শান্তিপূর্ণ নগরী হিসেবে রাখতে আরএমপির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, নগরীতে সক্রিয় কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।