
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। নগরীতে মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গুর বিস্তার রোধে দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালিও আয়োজন করা হয়।
তিনি বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাব-নারিকেলের খোসা, টিনের কৌটা ও অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রশাসকের নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে চক্রাকারে স্প্রে কার্যক্রম চলবে। দুই সপ্তাহে (দুই সাইকেল) মহানগরীর সব ওয়ার্ডে ফগার স্প্রে সম্পন্ন করা হবে। এছাড়া প্রতি মঙ্গলবার সরকারি, আধা-সরকারি, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানসহ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।