
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার প্রায় ৪৭টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি শিক্ষকদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর আমাদের শিক্ষক সমাজ।”
সংসদ সদস্য বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাগমারা উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধার বাইরে থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি জানান, অনেক শিক্ষক জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা ও চার্জার ভ্যান চালানোর মতো পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন, যা শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক। বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার আরও উল্লেখ করেন, তার প্রতিষ্ঠিত ‘আদর্শ বিএম কলেজ’-এর জেনারেল শাখা ২৬ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও এখনো এমপিওভুক্তির আওতায় আসেনি।
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের স্বার্থে বাগমারার সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।সংসদে উত্থাপিত এ দাবি বাস্তবায়িত হলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ উপকৃত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।