
দোকান উচ্ছেদ, ঝোপঝাড় পরিষ্কার ও সচেতনতামূলক কার্যক্রম; নিয়মিত অভিযান চলবে বলে জানালেন ওসি
জয়, চিফ রিপোর্টার
রাজশাহী-ঢাকা মহাসড়কে যানজট কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে পবা হাইওয়ে থানা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, রাজশাহী।
মহাসড়ককে দখলমুক্ত ও নিরাপদ রাখতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অধীন পবা হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল-১ টিম এবং সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী যৌথভাবে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে।
অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে রং পার্কিং করা যানবাহন অপসারণ, ভ্রাম্যমাণ দোকানপাট ও হাট-বাজার উচ্ছেদ এবং সড়কের উভয় পাশের সোল্ডারে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার, মাইপাড়া বাজার ও ঝলমলিয়া কলার হাট এলাকায় স্থানীয় দোকানদার, চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আলী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুর রহমান, সমাজসেবক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টু, সার্জেন্ট মো. আহসান হাবীবসহ পবা হাইওয়ে থানার মোবাইল টিমের সদস্যরা।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, হাট-বাজার ও রং পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ কারণে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি ও এমন অভিযান অব্যাহত থাকলে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ, স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ হবে।