নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এবার সরাসরি নগর উন্নয়ন ও প্রকৌশল কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। প্রথমবারের মতো রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন তাঁরা।
সোমবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশের অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নগর অবকাঠামো, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, রাসিক প্রশাসকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁদের আগে রুয়েটের শিক্ষার্থীরা এমন সুযোগ না পেলেও এবার তাঁরা প্রথমবারের মতো রাসিকে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন। এতে নগর পরিচালনা ও প্রকৌশল কার্যক্রমের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ ধরনের সংযোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নগর উন্নয়ন পরিকল্পনায় ভবিষ্যৎ প্রকৌশলীদের প্রস্তুত করতেও ভূমিকা রাখতে পারে।
Rahman Moti