স্টাফ রিপোর্টারঃরাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিশাতলা বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবকের ওপর সশস্ত্র হামলা, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত আটজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত যুবক মো. শাহ সিকান্দার (২২)।
অভিযোগ অনুযায়ী, ৩০ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে মো. শাহ সিকান্দার নিজ পরিবারের ইটভাটা থেকে ব্যবসার সাড়ে ৫ লাখ টাকা একটি ব্যাগে এবং আরও ৫ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় মো. নাহিদ ও নূর নবী তার হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। সারভি নামে এক অভিযুক্ত চাকু দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত হন এবং পরে জ্ঞান হারিয়ে ফেলেন। এছাড়া নাহিদের হাতে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে তার পায়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে।
এদিকে হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শাহ সিকান্দার।
লিখিত অভিযোগে সাক্ষী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা ঘটনার বিষয়ে অবগত বলে অভিযোগে বলা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্ববিরোধের জেরে সংঘটিত হয়েছে কি না, ছিনতাই, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা এবং কারা এতে জড়িত সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
Rahman Moti