নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে ছয় মাস এবং অপরজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধনগর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে *খোরশেদ আলম (৪৫)*কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই ধারায় পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে *মুক্তার আহম্মদ (৪৮)*কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Rahman Moti