নিজস্ব প্রতিবেদক, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম করলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে নেজামপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স ইউসুফ ট্রেডার্সের মালিককে এ জরিমানা করা হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানটিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ সার মজুদ রাখার বিষয়টি ধরা পড়ে। পরে অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস জানান, এটি ওই ব্যবসায়ীর প্রথমবারের অনিয়ম হওয়ায় জরিমানার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং অবৈধভাবে সার মজুদ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করে আবারও অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সার সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
Rahman Moti