নিজস্ব প্রতিবেদক, নাচোল: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি নাচোল পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। আলোচনায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা সেলিম রেজা, সফল মৎস্যচাষী রফিকুল ইসলাম এবং সফল মৎস্য প্রতিষ্ঠান হিসেবে তরিকুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৭ আগস্ট মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৮ আগস্ট স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Rahman Moti