ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
নিখোঁজের তিন দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর গিতা রাণী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বলরামচক গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 নিহত গিতা রাণী ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন এনজিও ও সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে আর্থিক চাপে ছিলেন গিতা রাণী ও তাঁর স্বামী। সেই চাপ থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।

গিতা রাণীর ছেলে মানিক কবিরাজ জানান, তাঁর বাবা-মা বিভিন্ন এনজিও ও সমিতি থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আর্থিক সামর্থ্য না থাকায় নিয়মিত কিস্তি ও দেনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে তাঁরা মাঝেমধ্যে চাপের মুখে বিভিন্ন স্থানে পালিয়ে থাকতেন।

তিনি বলেন, গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে তাঁর মা গিতা রাণী বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়ির ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিক কবিরাজ আরও বলেন, টাকা-পয়সার লেনদেন ছাড়া কারও সঙ্গে তাঁর মায়ের কোনো বিরোধ ছিল না। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অতিরিক্ত মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গিতা রাণী বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে তিনি বিভিন্ন সময় চাপের মধ্যে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেনাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি বলেন, খবর পেয়ে বুধবার দুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা