ঢাকা | বঙ্গাব্দ

পত্নীতলা খাদ্য গুদামে ৫ লাখ টাকা লেনদেনের ভিডিও, উঠেছে নানা প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
পত্নীতলা খাদ্য গুদামে ৫ লাখ টাকা লেনদেনের ভিডিও, উঠেছে নানা প্রশ্ন ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলা খাদ্য গুদামে কথিত ঘুষ বা অনৈতিক অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এক কর্মচারী ও স্থানীয় এক সাংবাদিককে অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় দেখা যায়। ভিডিওতে মোট ৫ লাখ ৬ হাজার টাকা গোনার দৃশ্য রয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পত্নীতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা নিজ চেয়ারে বসে আছেন। তাঁর পাশে দাঁড়িয়ে টাকা গুনছেন গুদামের কম্পিউটার অপারেটর রুহুল আমীন। পরে ওই টাকা গুনে নিচ্ছেন স্থানীয় সাংবাদিক মাহমুদুন্নবী। ভিডিওতে তাঁকে ৫ লাখ ৬ হাজার টাকা গুনতে দেখা যায়।
টাকা গোনার একপর্যায়ে মাহমুদুন্নবীকে বলতে শোনা যায়, ‘আমি গোড়া চল্লিশেক ভোটার আইডি ও ছবি দিচ্ছি, আমাকে চল্লিশটা কার্ড করে দেন।’ জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমি কোথায় পাব।’ তখন মাহমুদুন্নবী বলেন, ‘ব্যবস্থা করে দেন।’ এ সময় পাশে থাকা গুদামের কর্মী রফিকুল ইসলাম তাঁকে কৃষি অফিসে যোগাযোগের পরামর্শ দেন।
স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি পত্নীতলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে অর্থ নিয়ে ধান সংগ্রহের অভিযোগ ওঠে। এ বিষয়ে সাংবাদিক মাহমুদুন্নবী একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, প্রতিবেদনটির প্রথম পর্ব প্রকাশের পর বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে গুদাম কার্যালয়ে ডেকে টাকা দেওয়া হয়।
তবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
অন্যদিকে ভিডিওতে দেখা অর্থের বিষয়ে সাংবাদিক মাহমুদুন্নবী বলেন, ‘আমি ধান বিক্রি করেছিলাম, তার টাকা গুদাম থেকে নিয়েছি।’
তবে ভিডিওতে অর্থ গোনার দৃশ্য এবং একই সময়ে কৃষকের কার্ডসংক্রান্ত কথোপকথন ঘিরে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অর্থের উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং ভিডিওর প্রকৃত প্রেক্ষাপট কী—তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং অর্থ লেনদেনের প্রকৃত কারণ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত ভিডিও বা স্থানীয় সূত্রের দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা