নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে বেআইনিভাবে মিছিল এবং আইনবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে গত জুন মাসে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় মোকাদ্দেস আলী এজাহারভুক্ত আসামি। মামলার এজাহারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেআইনিভাবে মিছিল এবং আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
Rahman Moti