নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দুইজনকে ইজিবাইক উপহার দিয়েছে বাগমারা স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা। বুধবার (১৯ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা সন্তানের হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়।
ইজিবাইক পাওয়া দুজন হলেন—তক্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মমতাজ আলীর সন্তান বুলেট এবং ঝিকরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্বাস উদ্দিনের সন্তান সাইফুল ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দুই মুক্তিযোদ্ধা সন্তানের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।
এ সময় বাগমারা স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সদস্যসচিব ইব্রাহিম হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুস সাত্তার এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সাইফুল ইসলাম উজ্জলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্থার নেতৃবৃন্দ জানান, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাদের আর্থিকভাবে সহযোগিতা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইজিবাইক পাওয়ায় দুই মুক্তিযোদ্ধা সন্তান নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।
সংস্থার পক্ষ থেকে বলা হয়, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শুধু আর্থিক সহায়তা দেওয়ার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলে তারা নিজেরাই আয় করে স্বনির্ভর হতে পারবেন। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
Rahman Moti