ঢাকা | বঙ্গাব্দ

যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি শিক্ষক স্থায়ী বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি শিক্ষক স্থায়ী বরখাস্ত ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক, রাবি : যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এসব কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনার পর সিন্ডিকেট সভায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে প্রথমে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিষয়টি অধিকতর যাচাইয়ে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, উচ্চতর তদন্ত কমিটিতে অভিযুক্ত শিক্ষককে তাঁর প্রতিনিধি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি কোনো প্রতিনিধি দেননি। যদিও বিভিন্ন সময়ে তিনি লিখিতভাবে নিজের বক্তব্য দিয়েছেন। উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে।
শিক্ষার্থীর অভিযোগ থেকে তদন্ত
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের বিরুদ্ধে। ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষার্থীর মা গত বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর বিভাগের শিক্ষকদের নিয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অধিকতর তদন্তের উদ্যোগ নেয়।
এরই মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ দাবি শিক্ষকের
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত ও তদন্ত প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। তাঁর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং একতরফাভাবে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে ফাঁসানো হয়েছে। তদন্ত কমিটিতে আমার প্রতিনিধি দেওয়ার জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। একতরফাভাবে ষড়যন্ত্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার পাইনি।’
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট বিধি অনুযায়ী চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা