নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী রেশম শিল্পের পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি-২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজার ২০০ দৌড়বিদের অংশগ্রহণে শনিবার সকালে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহী নগরী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আয়োজন করে সিল্ক সিটি রানার্স কমিউনিটি।
জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কাটার মাধ্যমে শুরু হয় দৌড়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। পরে সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী প্রায় ১ হাজার ২০০ জন এতে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশিয়া শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোসা. রিক্তা পারভিন।
আয়োজকদের ভাষ্য, রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহ এবং দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
Rahman Moti