
চিপ রিপোর্টার:
সারা দেশে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯৩ হাজার ১৭৪ জন ছাত্র এবং ৮৪ হাজার ৫৩৫ জন ছাত্রী রয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। ঢাকার কেন্দ্রগুলোতে স্মার্টফোন ও সিসিটিভির মাধ্যমে তদারকি করা হবে। আর জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করবেন।
প্রশ্নফাঁস রোধে কড়া সাইবার নজরদারির পাশাপাশি পাবলিক পরীক্ষা আইন, ১৯৮১ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এছাড়া সুষ্ঠুভাবে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র এলাকায় যানজটমুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, “শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে সরকার কাজ করছে।”
