
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রীড়াচর্চার প্রসার ও স্থানীয় খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। তিনি বলেন, “ক্রীড়ার উন্নয়নে অবকাঠামোগত সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হলে স্থানীয় তরুণরা সারা বছর বিভিন্ন ইনডোর গেমস অনুশীলনের সুযোগ পাবে, যা এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় ক্রীড়ামোদীরাও অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের দাবির পর ইনডোর স্টেডিয়াম নির্মাণ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
