
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৫) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলগুলো অবৈধভাবে মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ মজুদ জ্বালানি বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অগ্নিকাণ্ডসহ নানা ঝুঁকি সৃষ্টি করে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
