
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এর প্রতিবাদে রোববার বিকেলে চকবাজার এলাকায় মিছিলের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরাও সমাবেশের ঘোষণা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে উভয় পক্ষই চকবাজার এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ওসি ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল থেকে চকবাজার এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
সংঘর্ষের পর চকবাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।