
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া গ্রামপুলিশ সদস্য মোঃ নজরুল ইসলামকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভোলাহাট থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ভোলাহাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধরমপুর গ্রামের বাসিন্দা ও মৃত পোরা শেখের ছেলে মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে আপ্যায়নের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
থানা সূত্রে জানা যায়, মোঃ নজরুল ইসলাম দীর্ঘ তিন দশক ধরে গ্রামপুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়ন পরিষদ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তার সম্মানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওসি মোঃ আব্দুল বারিক বলেন, দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করায় নজরুল ইসলাম প্রশংসার দাবিদার। তার কর্মজীবনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা উপলক্ষে অবসরপ্রাপ্ত এই গ্রামপুলিশ সদস্যের হাতে জায়নামাজ, টুপি, তসবিহ ও আতর তুলে দেওয়া হয়। এ সময় ভোলাহাট থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, এসআই এবং উপজেলার চার ইউনিয়নের দাফাদার ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
