
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর শহরে দিনদুপুরে এক বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহিনুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। এ সুযোগে সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বাড়ি ফিরে শাহিনুর রহমান দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারি ভাঙা দেখে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে খোঁজ নিয়ে দেখেন নগদ টাকা ও স্বর্ণালংকার সবই লুট হয়েছে।
শাহিনুর রহমান বলেন, “দিনদুপুরে এমন ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।