
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানযোগে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ নেওয়া হচ্ছে।
রাসিক সূত্র জানায়, বর্জ্য অপসারণ কার্যক্রমে ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী, প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে তিনি বলেন, “দ্রুততম সময়ের মধ্যে নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে রাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। নগরবাসীর সহযোগিতাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে রাখতে হবে এবং সিটি কর্পোরেশনের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে, যাতে দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য অপসারণ সম্ভব হয়।
রাসিক জানিয়েছে, বর্জ্য অপসারণ কার্যক্রম নির্বিঘ্ন করতে পরিচ্ছন্ন বিভাগ, পরিবহন শাখা ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে তিনজন করে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন।

এদিকে এবার প্রথমবারের মতো রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের মুসলিম পরিবারের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুইটি ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাসিক।