
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাংলাদেশ পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. মাহফুজ আহম্মেদ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম বখতিয়ারপুর ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন।
পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি নিজের বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। ওই সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। এরপর তিনি দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।