
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ বোনাস’ হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি এবং তাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন-এর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। চেক গ্রহণ শেষে রাসিক প্রশাসক রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের অবদানের স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের নগর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকার প্রশংসাও করেন সংশ্লিষ্টরা।