
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৪৫ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. আল-আমিনকে আহ্বায়ক এবং হুমায়ুন কবীরকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করবে।
এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আহ্বায়ক কমিটি গঠনের পর নতুনভাবে যুক্ত হওয়া সদস্যরা আসন্ন নির্বাচনে ভোটার হতে পারবেন না এবং কোনো পদেও প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে আহ্বায়ক কমিটির কোনো সদস্য নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।
আলোচনা সভায় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।