
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি কনফারেন্স হলে আয়োজিত এ শিবিরে সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।
বক্তারা বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে পরিচালিত কার্যক্রম একটি সংগঠনকে শক্তিশালী করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। তারা কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তারা আরও বলেন, নিয়মিত শিক্ষা শিবির ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।