
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চারঘাট উপজেলার দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় সাথী ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জারজিস হোসেন (৩২) এবং নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার হাসিব (২৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।