
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় নগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নির্মাণাধীন ভবন ও প্রকল্প এলাকায় যেন পানি জমে না থাকে এবং মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আবাসন খাতের উদ্যোক্তা এবং নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব।
সভায় রেডার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন প্রকল্পে পানি জমে থাকা রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, ডেঙ্গুমুক্ত ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।