
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পুকুর থেকে সাবিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাবিদুল ইসলামের বাড়ি পাশ্ববর্তী এলাকায়। তিনি কালাম হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ জানায়, সাবিদুল নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই ভবঘুরের মতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।