
নিজস্ব প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে (৪৬) প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফতেহ আলী বাজারে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের মাঝেই আলাল শেখকে বাজার এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
পুলিশ সূত্রে জানা যায়, পরে তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি বাগানে নিয়ে বেঁধে রাখা হয় এবং সেখানে তাকে মারধর করে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, শফিকুল ইসলাম ও আলাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। তার দাবি, আলাল শেখের সঙ্গে অনেকের শত্রুতা রয়েছে এবং ব্যক্তিগত বিরোধের জের ধরে অন্য কেউ এ হামলা চালাতে পারে।
আহত আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্ত ছিলেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হফুজ আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।