
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর হাতে অনুদানের অর্থ তুলে দেন মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রতিটি পরিচ্ছন্নকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। টানা দ্বিতীয়বারের মতো রাসিকের পরিচ্ছন্নকর্মীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই শ্রম ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ আর্থিক সহায়তা প্রদান করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার জন্য রাজশাহী নগরীর বিশেষ সুনাম রয়েছে। এ সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে তিনি নিজেও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে মাঠে কাজ করবেন বলেও জানান। পাশাপাশি ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের সক্ষমতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।