
নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করতে ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেন্থেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (ASSET) প্রকল্পের অর্থায়নে আয়োজন করা হয়। প্রধান অতিথি রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ.এন.এম বজলুর রশিদ রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন। দেশের ২১টি খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান প্রায় ৬০টি শূন্যপদের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে অংশগ্রহণ করে। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রীসহ প্রায় ৪৫০ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ২৫০ জন সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেন।

দুপুরে ‘Diploma Graduate Employability and Industry Demand’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রনিক্স টেকনোলজির ইনস্ট্রাক্টর ও জব প্লেসমেন্ট সেল কর্মকর্তা এস এম তাহমিদ সাদিক। তিনি শিল্প-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমিয়ে কারিগরি শিক্ষার মানোন্নয়নের পথ তুলে ধরেন। প্রধান অতিথি ড. বজলুর রশিদ বলেন, দেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মেলবন্ধন দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখযোগ্য, স্থানীয় আইটি প্রতিষ্ঠান ‘মেটরয়েল আইটি’ এক প্রার্থীকে তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র প্রদান করে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও দ্রুত ফলাফল জানানোর প্রতিশ্রুতি দেয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইলেকট্রনিক্স টেকনোলজির ইনস্ট্রাক্টর ও ASSET প্রকল্পের ফোকাল পারসন প্রকৌ. মনোজিত সরকার। সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
