
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে অবৈধভাবে বিক্রির সময় ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেল সরকারি মূল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের নেতৃত্বে পৌর এলাকার তালন্দ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তালন্দ গ্রামের ইদ্রিস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স ছাড়াই বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে উচ্চমূল্যে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে দেশের অন্যান্য স্থানের মতো তানোরেও জ্বালানি তেলের সংকট চলছে। এই সুযোগে আমিনুল ইসলাম অতিরিক্ত দামে তেল বিক্রি করছিলেন।
তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা তেল ঘটনাস্থলেই সরকারি মূল্যে ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
