

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েল (৩৩) কে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোর উপজেলার কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জুয়েলের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, এর আগে র্যাব-১২-এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা জুয়েলকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। জুয়েল একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
