
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা শিল্পায়নের প্রধান বাধা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাত স্থবির হয়ে পড়েছে এবং নতুন বিনিয়োগও আসছে না। দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা না হলে উত্তরাঞ্চলের শিল্পায়ন আরও পিছিয়ে পড়বে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগের অভাবে তা চালু করা যাচ্ছে না। ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা ব্যাহত হচ্ছে।
নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ জানান, নাটোর বিসিক এলাকায় গ্যাস সংযোগ নেই, যদিও শহরের পাশ দিয়েই গ্যাস লাইন রয়েছে। গ্যাসের অভাবে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না।
নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস সংকটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, রাজশাহী অঞ্চলে কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়েও আলোচনা চলছে।
রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ।
এর আগে সকালে দুই উপদেষ্টা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর কার্যক্রম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা যান। সেখানে পদ্মা নদীর তীর, কৃষি কার্যক্রম এবং সৌর বিদ্যুৎচালিত সেচ প্রকল্প পরিদর্শন করেন।
