
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের মতিহার থানার তালাইমারী ফুলতলা নদীতীর পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগিতায় শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষা, নগরীর সৌন্দর্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নদীতীর ও পর্যটন এলাকাগুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে বিডি ক্লিন, রাজশাহীর স্বেচ্ছাসেবীরা তালাইমারী ফুলতলা নদীর ধার ও পর্যটন কেন্দ্র এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

আয়োজকদের মতে, তালাইমারী ফুলতলা রাজশাহীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পর্যটন এলাকার সৌন্দর্যও বজায় থাকবে।