
নিজস্ব প্রতিবেদক: প্রচলিত কৃষিকাজে আশানুরূপ সফলতা না পেয়ে নতুন সম্ভাবনার সন্ধানে বিদেশি আঙ্গুর চাষ শুরু করেছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ এলাকার কৃষক বোরহান উদ্দীন। শখের বসে ইউটিউব দেখে শুরু করা সেই উদ্যোগ এখন রূপ নিয়েছে সম্ভাবনাময় বাণিজ্যিক আঙ্গুর বাগানে।
ছেলের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আঙ্গুরের চারা সংগ্রহ করে প্রথমে স্বল্প পরিসরে পরীক্ষামূলক চাষ শুরু করেন তিনি। ফলন ভালো হওয়ায় ধীরে ধীরে বাগানের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে প্রায় পৌনে দুই বিঘা জমিতে ৩৪৫টি আঙ্গুরগাছ নিয়ে গড়ে তুলেছেন বড় একটি বাগান।
বাগানে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে পাকা আঙ্গুর। আকর্ষণীয় এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় কৃষক ও উৎসুক মানুষজন। স্থানীয়দের দাবি, দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমনি চমৎকার এই আঙ্গুর।
বাগান মালিক মো. বোরহান উদ্দীন বাবু বলেন, শুরুতে অনেকেই আঙ্গুর চাষ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে নিয়মিত পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করায় এখন ভালো ফলন পাওয়া যাচ্ছে। বাগান দেখে অনেক কৃষকই আগ্রহ প্রকাশ করছেন।
বাগান সংশ্লিষ্ট পরিচালক ইমাম হাসান সাগর জানান, আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে বাজারে আঙ্গুর বিক্রির পরিকল্পনা রয়েছে। চলতি মৌসুমে বাগানে প্রায় ৭ হাজার ২০০ কেজি আঙ্গুর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে রাজশাহীর আবহাওয়ায় বিদেশি ফলের চাষও সফলভাবে সম্ভব। কৃষক বোরহান উদ্দীনের এই উদ্যোগ অন্য কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।