
নিজস্ব প্রতিবেদক : নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম এর পক্ষে শনিবার বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন, “নওগাঁ-১ এর মানুষকে তাদের অধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত, সুষম উন্নয়নমূলক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। জনগণ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বলেন, “সাপাহারের মানুষ পরিবর্তন চায় এবং তারা অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে প্রস্তুত। আজকের জনসমুদ্র তা প্রমাণ করছে।”
জনসভায় বিশেষ অতিথি ছিলেন: জোটের শরিক দল এনসিপি কেন্দ্রীয় যুবশক্তি সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নওশাদ আলী, নিয়ামপুত উপজেলা আমির আফজাল হোসেন, পোরশা উপজেলা আমির সাগর আলী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, জোটের ঐক্য বজায় রেখে প্রতিটি কেন্দ্রে প্রহরীর মতো দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার জন্য কাজ করতে।
