
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরোনো মীরেরচক জামে মসজিদের স্থানে ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণকাজের শুভ সূচনা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মীরেরচক জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
বক্তারা বলেন, নতুন ৬ তলা ভবন নির্মিত হলে মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি মসজিদের নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। এছাড়া মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুলসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযবসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
